লেটেস্ট নিউজ

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি, শান্তিচুক্তির শর্ত মানতে বিলম্ব হলে আর ফেরার পথ নেই – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন-ইজরায়েলি হামলায় বিপর্যস্ত ইরানকে শান্তিচুক্তির ১৫ দফা শর্ত মেনে নিতে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরান সামরিকভাবে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। ট্রাম্পের মতে, তেহরান আলোচনার জন্য মরিয়া হয়ে মিনতি করলেও প্রকাশ্যে শর্ত মানতে গড়িমসি করা তাদের এক ‘অদ্ভুত’ আচরণ।

প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইরানকে এই প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যু এবং তেহরানসহ একাধিক অঞ্চল তছনছ হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। এই যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই দুই হাজার ছাড়িয়েছে।

বর্তমানে ইরান পাঁচ বছরের জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হ্রাসের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। তবে আমেরিকার দেওয়া কঠোর শর্তাবলি নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপড়েন চলছে। রাশিয়া, চিন ও ভারতসহ বিভিন্ন দেশ শান্তিপ্রস্তাব দিলেও ট্রাম্পের এই সাম্প্রতিক হুঁশিয়ারি এবং ইরানের পালটা ড্রোন হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *