ইরানের ‘অমূল্য উপহার’: মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে কিউই হরমুজ প্রণালী খোলার ইঙ্গিত – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে একটি ‘অমূল্য উপহার’ পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই উপহারটি পারমাণবিক কর্মসূচি নয়, বরং তেল-গ্যাস এবং হরমুজ প্রণালীর গতিপ্রবাহ সংক্রান্ত। উপহারের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত খোলসা না করলেও, ট্রাম্প একে ‘অবিশ্বাস্য ও অত্যন্ত মূল্যবান’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, সঠিক ব্যক্তিদের সঙ্গেই আলোচনা এগোচ্ছে।
মার্কিন-ইজরায়েলি হামলার প্রেক্ষিতে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হয়ে ওঠে। তবে ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ইরান আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (আইএমও) জানিয়েছে যে, ‘অ-শত্রু’ জাহাজগুলো এখন থেকে নিরাপদে চলাচল করতে পারবে। এই বার্তাকে প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার প্রাথমিক সংকেত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে এবং তিনি পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি স্থগিত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এই সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। সব মিলিয়ে, এই রহস্যময় উপহার এবং ইরানের নমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যে বড় কোনো পরিবর্তনের আভাস দিচ্ছে।

