ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভাঙতে মরিয়া ট্রাম্প হরমুজে রণসজ্জা ও সেনা মোতায়েনের প্রস্তুতি – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ালে মার্কিন প্রেসিডেন্টের সামরিক বিকল্পগুলো আরও শক্তিশালী করতেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে প্রাথমিকভাবে বিমান ও নৌবাহিনী ব্যবহারের পরিকল্পনা থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্থলসেনা নামানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আমেরিকা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজনে ইরানের উপকূলরেখা বরাবর সেনা মোতায়েন করে পারস্য উপসাগরে নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় মার্কিন প্রশাসন। এই অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করা এবং আন্তর্জাতিক জলসীমায় নিজেদের আধিপত্য বজায় রাখা।
ইরানের অর্থনীতির ওপর চূড়ান্ত আঘাত হানতে দেশটির প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে মার্কিন সেনা পাঠানোর একটি উচ্চাভিলাষী ও ঝুঁকিপূর্ণ প্রস্তাব খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, ইরানের মোট তেল রফতানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। এই কৌশলগত কেন্দ্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে তেহরানের অর্থনীতির মূল ভিত্তি ধসিয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা, যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে।

