লেটেস্ট নিউজ

ইরানে ‘ঈশ্বরের বিরুদ্ধে অপরাধের’ অভিযোগে ১৯ বছর বয়সি কুস্তিগিরের মৃত্যুদণ্ড কার্যকর – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে শামিল হওয়ার অপরাধে ১৯ বছর বয়সি উদীয়মান কুস্তিগির সালেহ মহম্মদি-সহ তিন প্রতিবাদীর মৃত্যুদণ্ড কার্যকর করল আয়াতোল্লা প্রশাসন। বৃহস্পতিবার খামেনেই প্রশাসন প্রকাশ্যে তাঁদের ফাঁসিতে ঝোলায়। আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করা এই তরুণ ক্রীড়াবিদ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে গত বছর বিক্ষোভ চলাকালীন দুই পুলিশকর্মীকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। তেহরান প্রশাসন এই ঘটনাকে ‘ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

দেশের অভ্যন্তরে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্রমবর্ধমান ক্ষোভ দমন করতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। গত বছর থেকে মূল্যবৃদ্ধি ও কট্টরপন্থী শাসনের বিরুদ্ধে সরব হওয়া হাজার হাজার প্রতিবাদীকে জেলবন্দি ও দমন-পীড়ন করা হচ্ছে। মহম্মদির পাশাপাশি মেহদি ঘাসেমি ও সইদ দাভোদির ফাঁসির আদেশ কার্যকর করার মাধ্যমে প্রশাসন স্পষ্ট বার্তা দিল যে, বিক্ষোভকারীদের ‘ঈশ্বরের শত্রু’ হিসেবে গণ্য করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এই প্রাণদণ্ড রুখতে আন্তর্জাতিক মহলে বারবার আবেদন জানিয়েছিল। কিন্তু কূটনৈতিক বা ক্রীড়া ক্ষেত্রের কোনো চাপই ইরানের অনড় সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারেনি। ফলে মাত্র ১৯ বছর বয়সেই শেষ হয়ে গেল এক প্রতিভাবান খেলোয়াড়ের জীবন। বর্তমানে ইজরায়েল ও আমেরিকার সঙ্গে সংঘাতের আবহেও দেশের অন্দরে প্রতিবাদী কণ্ঠস্বর রোধে বিন্দুমাত্র পিছু হটছে না তেহরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *