ইরানে তরুণ কুস্তিগীরের ফাঁসি: বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় – এবেলা
এবেলা ডেস্কঃ
সরকার-বিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে ১৯ বছর বয়সি প্রতিভাবান কুস্তিগীর সালেহ মহম্মদীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। কোম শহরে সালেহসহ আরও দুই আন্দোলনকারী সইদ দাভোদি ও মেহদি ঘাসেমিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে বিক্ষোভে অংশ নিয়ে দুই পুলিশকর্মীকে হত্যার অভিযোগে তাঁদের অভিযুক্ত করা হয়েছিল। আন্তর্জাতিক মহলের বারবার অনুরোধ সত্ত্বেও ইরান সরকার এই কঠোর পদক্ষেপ থেকে পিছু হঠেনি।
মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে ‘রাজনৈতিক হত্যা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, সালেহ মহম্মদীর ওপর অকথ্য নির্যাতন চালিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে এবং কোনো সুষ্ঠু বিচার ছাড়াই দ্রুততার সঙ্গে এই দণ্ড কার্যকর করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে প্রতিবাদীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বিশেষ করে তরুণ অ্যাথলিটদের নিশানা করায় ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে।
ইরানের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, সরকার-বিরোধী বিক্ষোভ দমন করতে আগামীতে আরও অনেক আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। রাজনৈতিক বিরোধিতা দমনে ইরান সরকারের এমন কঠোর ও আপসহীন অবস্থান দেশটিতে অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের আশঙ্কায় বর্তমানে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার মহলে।

