লেটেস্ট নিউজ

ইরানে ফের ছাত্রবিক্ষোভ, খামেনেই সরকারের বিরুদ্ধে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ইরানে নতুন সেমেস্টার শুরুর প্রথম দিনেই ফের ছাত্রবিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। তেহরানের শরিফ ইউনিভার্সিটিসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে রাস্তায় নামেন। শান্তিপূর্ণ এই প্রতিবাদ চলাকালীন খামেনেইপন্থী গোষ্ঠীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। মাশাদসহ দেশের বিভিন্ন বড় শহরেও স্বাধীনতার দাবিতে স্লোগান তুলেছেন কয়েকশ পড়ুয়া।

বিগত ডিসেম্বরের গণবিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের পর মাসখানেক পরিস্থিতি শান্ত ছিল। তবে শনিবার থেকে ছাত্ররা ফের ‘স্বৈরাচারের মৃত্যু হোক’ স্লোগানে রাজপথ কাঁপাতে শুরু করেছেন। ইরান সরকারের দাবি অনুযায়ী আগের বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হলেও মানবাধিকার সংগঠনগুলো এই সংখ্যা অনেক বেশি বলে দাবি করেছে। বর্তমান পরিস্থিতিতে নতুন করে ধরপাকড় বা হতাহতের কোনো স্পষ্ট তথ্য এখনও মেলেনি।

দেশের অভ্যন্তরীণ অস্থিরতার পাশাপাশি খামেনেই বিরোধী এই ক্ষোভের আঁচ পৌঁছেছে আন্তর্জাতিক মহলেও। স্পেনের বার্সেলোনায় প্রবাসী ইরানিরা দেশটির বর্তমান শাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তেহরানের শহিদ বেহস্তি ও আমির কবির ইউনিভার্সিটিতেও ছাত্ররা নিজেদের অধিকার আদায়ের দাবিতে অনড় রয়েছেন। রবিবারের জন্য নতুন করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, যা খামেনেই প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *