ইরান ইজরায়েল যুদ্ধের কবলে ভারতীয় দল! মাঝপথে আটকালেন খেলোয়াড়রা বাতিল হাইভোল্টেজ ম্যাচ – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে বিধ্বংসী যুদ্ধ পরিস্থিতির জেরে কাতারে আটকে পড়ল ভারতীয় সিনিয়রের পুরুষ বাস্কেটবল দল। শনিবার ইরান ও ইজরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। এর সরাসরি প্রভাব পড়েছে খেলার মাঠেও।
কাতারে আটকে ভারতীয় বাস্কেটবল দল
ফিবা বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর এশীয় কোয়ালিফায়ারে অংশ নিতে বর্তমানে দোহার লুসাইল মাল্টিপারপাস হলে ছিল ভারতীয় দল। সেখান থেকে ৩ মার্চ লেবাননের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল খেলোয়াড়দের। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে বিমান পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ায় লেবানন যেতে পারেননি তারা। হোটেল থেকে চেক-আউট করে বিমানবন্দরের পথে রওনা দিলেও মাঝপথেই ফিরতে হয় দলকে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগে ফেডারেশন
বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া (বিএফআই) একটি সরকারি বিবৃতিতে জানিয়েছে যে, সমস্ত খেলোয়াড় এবং কর্মকর্তারা বর্তমানে নিরাপদ রয়েছেন। তাদের দোহার একটি নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ফেডারেশন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং দ্রুত খেলোয়াড়দের দেশে ফেরানোর বিকল্প পথ খুঁজছে।
বাতিল গুরুত্বপূর্ণ ম্যাচ
কোয়ালিফায়ারে গ্রুপ-ডি-তে থাকা ভারত বর্তমানে ০-৩ রেকর্ডে টেবিলের নিচে রয়েছে। লেবাননের বিরুদ্ধে ম্যাচটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমান সংকটে সেই ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচটি নতুন করে আয়োজন করার সম্ভাবনা রয়েছে।

