ইরান-ইজরায়েল যুদ্ধের বড় কোপ এয়ার ইন্ডিয়ায়, আকাশছোঁয়া জ্বালানির দামে বাতিলের খাতায় ২৫০০ উড়ান – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজতেই বিপাকে এয়ার ইন্ডিয়া। গত তিন সপ্তাহে প্রায় ২৫০০টি উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে সংস্থাটি। বর্তমানে এই অঞ্চলে এয়ার ইন্ডিয়ার পরিষেবা স্বাভাবিকের তুলনায় মাত্র ৩০ শতাংশে নেমে এসেছে।
সংস্থার সিইও ক্যাম্পবেল উইলসন কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ নোটে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত গোটা বিমান শিল্পকে নাড়িয়ে দিয়েছে। যুদ্ধের কারণে আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা এবং বিমানবন্দরের অস্থিরতায় ব্যাহত হচ্ছে পুরো নেটওয়ার্ক। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জেট ফুয়েলের দাম, যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। এই অতিরিক্ত খরচ সামলাতে টিকিটের ওপর নতুন করে ফুয়েল সারচার্জ বসিয়েছে সংস্থাটি।
ব্রিটেন, ইউরোপ ও উত্তর আমেরিকাগামী বিমানগুলো এখন দীর্ঘ ঘুরপথে যাতায়াত করছে। এতে জ্বালানি খরচ ও যাত্রার সময় দুই-ই বাড়ছে। যদিও যাত্রী চাহিদা কমার আশঙ্কা রয়েছে, তবুও কিছু বিশেষ রুটে পরিষেবা সচল রাখার চেষ্টা করছে এয়ার ইন্ডিয়া। প্রতিকূল এই পরিস্থিতিতে কর্মীদের ভূমিকার প্রশংসা করে সিইও স্পষ্ট জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তাই তাঁদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

