ইরান-ইজরায়েল সংঘাতের জেরে তেলের বাজারে অস্থিরতা: ভারতের বিকল্প প্রস্তুতি
ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক মাসে ব্যারেলে ৬ ডলার বৃদ্ধি পেয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ব সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে তেলের দাম ১১০ ডলারে পৌঁছাতে পারে। ভারতের জ্বালানি আমদানির ৪০ শতাংশ এবং এলএনজির ৫৫ শতাংশ এই রুট দিয়ে আসায় দেশীয় অর্থনীতি ও আমদানির খরচে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় তেল শোধনাগারগুলি বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। পেট্রোল ও ডিজেলের খুচরা দাম অপরিবর্তিত রাখার লক্ষ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন বন্দর থেকে তেল সংগ্রহের চিন্তাভাবনা চলছে। এছাড়া, উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলি থেকে অতিরিক্ত তেল আমদানির বিষয়েও আলোচনা করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এর ফলে আমদানির খরচ ও কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট নিয়ন্ত্রণের চেষ্টা করছে কেন্দ্র।

