ইরান-ইসরায়েল যুদ্ধে নাজেহাল এই দেশ! জারি হলো জরুরি অবস্থা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের আঁচ এবার পৌঁছাল দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ইরান ও ইসরায়েলের মধ্যকার তীব্র সংঘাতের জেরে জ্বালানি সংকটে বিধ্বস্ত ফিলিপাইন। পরিস্থিতি সামাল দিতে সে দেশে জারি করা হয়েছে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস এক নির্বাহী আদেশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমদানিনির্ভর ফিলিপাইনের ওপর। বর্তমানে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও স্থিতিশীলতা চরম ঝুঁকির মুখে। জরুরি অবস্থা জারির ফলে সরকার এখন জ্বালানি মজুতদার ও মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেয়েছে। এছাড়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে পরিবহন ভর্তুকি, টোল মকুব এবং বিমান ভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিলিপাইন তাদের চাহিদার ৬০ শতাংশ বিদ্যুতের জন্য কয়লার ওপর নির্ভরশীল। বর্তমান গ্যাস সংকট মোকাবিলায় দেশটি এখন ইন্দোনেশিয়া থেকে অতিরিক্ত কয়লা আমদানির পরিকল্পনা করছে। ১১ কোটি ৬০ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি বর্তমানে এশিয়ার প্রথম দেশ হিসেবে যুদ্ধ পরিস্থিতির কারণে এমন চরম সংকটের মুখে পড়ল।

