ইরান-ইসরায়েল যুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর, মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা নাকচ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান-ইসরায়েল যুদ্ধের এক মাস পূর্ণ হতে চলায় হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আয়োজিত এক সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, ভারত কোনো দেশের ‘দালাল’ হতে পারে না এবং নিজস্ব নীতিতে অটল থাকবে।
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ নিয়েও আলোচনা হয়। বিদেশমন্ত্রী জানান, মোদী এই যুদ্ধ দ্রুত বন্ধের পক্ষপাতি, কারণ এটি বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার বিরোধীদের আশ্বস্ত করে জানিয়েছে যে, দেশে বর্তমানে পর্যাপ্ত তেল ও গ্যাস মজুত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির জন্য অগ্রিম বুকিং করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিয়েছেন এবং বিদেশ সচিব বর্তমান সংকট মোকাবিলায় ভারতের কূটনৈতিক তৎপরতা ব্যাখ্যা করেছেন। আন্তর্জাতিক ভূ-রাজনীতির চাপ সত্ত্বেও ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই জ্বালানি বোঝাই চারটি জাহাজ ভারতে পৌঁছানোর কথা রয়েছে।

