ইরান-মার্কিন সংঘাত: ১০ দিনের সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে
পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না এলে ইরানের ওপর সীমিত সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, তেহরানকে পারমাণবিক পরীক্ষা স্থগিত করতে বাধ্য করতে তাদের নির্দিষ্ট সামরিক বা সরকারি পরিকাঠামোয় আগামী ১০ দিনের মধ্যে হামলা চালাতে পারে আমেরিকা। পরিস্থিতি মোকাবিলায় আরব বিশ্বে ইতিমধ্যেই অত্যাধুনিক এফ-৩৫ ও এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে ওয়াশিংটন।
প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কঠোর শর্ত মেনে ইরান চুক্তিতে না ফিরলে পরিস্থিতি আরও জটিল হবে। মার্কিন উপদেষ্টাদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এই হামলা প্রাথমিকভাবে সীমিত থাকলেও প্রয়োজনে তা বিস্তৃত সামরিক অভিযানে রূপ নিতে পারে। বিশেষ করে ইরানের বর্তমান নেতৃত্বকে দুর্বল করা এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ধ্বংস করা আমেরিকার অন্যতম কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, মার্কিন আক্রমণ হলে ওই অঞ্চলের সমস্ত আমেরিকান ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। রাষ্ট্রসংঘের মহাসচিবকে পাঠানো এক চিঠিতে তেহরান এই উত্তেজনার জন্য ওয়াশিংটনকেই দায়ী করেছে। ২০০৩ সালের ইরাক অভিযানের পর এই প্রথম মধ্যপ্রাচ্যে এত বড় আকারে মার্কিন বায়ুসেনা মোতায়েন হওয়ায় গোটা বিশ্ব এখন চরম উদ্বেগের সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছে।

