ইরান-মার্কিন সম্পর্কে বড় মোড়: ১০ দিন শক্তি উৎপাদন কেন্দ্রে হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে এক তাৎপর্যপূর্ণ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান সরকারের অনুরোধে আগামী ১০ দিন দেশটির কোনো এনার্জি বা শক্তি উৎপাদন কেন্দ্রে হামলা চালাবে না আমেরিকা। আগামী ৬ এপ্রিল, ২০২৬ রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের পর এই পদক্ষেপকে যুদ্ধ বিরতির পথে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিশ্চিত করেছেন যে, তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা সঠিক পথেই এগোচ্ছে। এর আগে ইরান তাদের সমুদ্রসীমায় আটকে রাখা ১০টি মার্কিন তেলের ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার পরই এই সমঝোতার সূত্রপাত হয়। দীর্ঘ এক মাস ধরে চলা এই যুদ্ধে প্রথমবারের মতো কোনো নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ বন্ধ রাখার আনুষ্ঠানিক ঘোষণা করল হোয়াইট হাউস।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের যে তীব্র সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছিল, এই সিদ্ধান্তের ফলে তা অনেকটাই প্রশমিত হতে পারে। ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার শর্তে রাজি হলে এই সাময়িক স্বস্তি দীর্ঘমেয়াদী শান্তিতে রূপ নিতে পারে বলে আশা করা হচ্ছে। আপাতত উভয় পক্ষই কূটনীতির মাধ্যমে চূড়ান্ত সমাধানের পথ খুঁজছে।

