লেটেস্ট নিউজ

ইরান যুদ্ধ পরিস্থিতি: আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও ইজরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এবং এর ফলে উদ্ভূত অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় আজ শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ধ্যা সাড়ে ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। মূলত জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় রাজ্যগুলোর প্রস্তুতি খতিয়ে দেখাই এই বৈঠকের মূল লক্ষ্য।

তবে আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি থাকায় পশ্চিমবঙ্গসহ আসন্ন নির্বাচনেরমুখী পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নিতে পারছেন না। কেন্দ্র জানিয়েছে, ওই রাজ্যগুলোর ক্ষেত্রে মুখ্যসচিবদের মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা পৌঁছে দেওয়া হবে। গত মঙ্গলবার রাজ্যসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যকে কোভিডকালের মতো একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।

বর্তমান পরিস্থিতিতে দেশে সিএনজি ও প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। আজকের এই উচ্চপর্যায়ের বৈঠকে সরকারি দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির সমন্বয় সাধন এবং ড্যামেজ কন্ট্রোল বা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *