ইরান সংকটে দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষায় মোদী সরকারের মাস্টারস্ট্রোক অমিত শাহের নেতৃত্বে গঠিত হলো বিশেষ উচ্চপর্যায় কমিটি – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে দেশে সম্ভাব্য গ্যাস সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রাখতে তিন সদস্যের একটি শক্তিশালী মন্ত্রী কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ কমিটির রাশ থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। কমিটিতে অন্য দুই গুরুত্বপূর্ণ সদস্য হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
জানা গেছে, এই উচ্চপর্যায় কমিটি ইতিমধ্য়েই বেশ কয়েক দফা বৈঠক সেরে ফেলেছে। সংশ্লিষ্ট মন্ত্রক, বিভিন্ন সরকারি বিভাগ এবং রাজ্য সরকারগুলোর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করাই এই দলের মূল লক্ষ্য। অন্যদিকে, বর্তমান পরিস্থিতি নিয়ে দেশে যাতে কোনওভাবেই আতঙ্ক না ছড়ায়, সেদিকেও কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা রুখতে মন্ত্রীদের সামাজিক মাধ্যমে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, এই জ্বালানি সংকট ঘিরে রাজনৈতিক পারদও চড়ছে। মোদী সরকারের বিদেশ নীতিকে কাঠগড়ায় তুলে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এলপিজি গ্যাসের ঘাটতি নিয়ে আজ বিকেলেই লোকসভায় সরব হতে পারেন তিনি। রাহুলের বক্তব্যের পর সরকারের অবস্থান স্পষ্ট করতে পাল্টা জবাবি ভাষণ দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। কেন্দ্রের এই বিশেষ কমিটি গঠন এবং মন্ত্রীদের তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী।

