ইসলামিক নেটোর পালটা দিতে এবার মোদী ম্যাজিকের আশায় নেতানিয়াহু – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণ এক লহমায় বদলে দিতে ইজরায়েলে পা রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী। কূটনৈতিক মহলের মতে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন ভারতকে ঘিরেই তাঁর নতুন রণকৌশল সাজাচ্ছেন। মূলত সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মতো দেশগুলো যে ‘ইসলামিক নেটো’ গঠনের স্বপ্ন দেখছে, তাকে রুখে দিতেই দিল্লির হাত শক্ত করে ধরতে চাইছে তেল আভিভ।
ইজরায়েল সফরকে কেন্দ্র করে ইতিমধ্য়েই রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। নেতানিয়াহুর লক্ষ্য স্পষ্ট, পশ্চিম এশিয়াকে এক নতুন নিরাপত্তার বেড়াজালে আবদ্ধ করা এবং সেই জোটে ভারতকে প্রধান স্তম্ভ হিসেবে ব্যবহার করা। বিশ্ব রাজনীতির কারবারিরা মনে করছেন, মোদীর এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নয়, বরং মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ভারত অক্ষকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। পশ্চিম এশিয়ার এই নতুন সামরিক ও কূটনৈতিক মেরুকরণে ভারতের সক্রিয় অংশগ্রহণ আদতে নেতানিয়াহুর ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করা হচ্ছে।

