লেটেস্ট নিউজ

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই মালদহে পরীক্ষার্থীর রহস্যমৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম মেহেক বিশ্বাস (১৮), যিনি পাকুয়াহাট এএনএম হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী ছিলেন। বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁর ঘর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ির সকলে একটি সামাজিক অনুষ্ঠানে গেলেও মেহেক বাড়িতে একাই ছিলেন। অনুষ্ঠান শেষে রাতে ফিরে বাবা-মা ও দুই বোন দেখেন, সিলিং ফ্যান থেকে ওড়নার সাহায্যে ঝুলছেন তিনি। তড়িঘড়ি উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। মেধাবী ছাত্রীর এই আকস্মিক চরম সিদ্ধান্তে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বামনগোলা থানার পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ছাত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। কোনো মানসিক চাপ বা ব্যক্তিগত জটিলতা এই ঘটনার নেপথ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *