উত্তরপাড়ায় তৃণমূলের চমক: মীনাক্ষীর বিপরীতে লড়বেন কল্যাণ-পুত্র শীর্ষাণ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী বিধানসভা নির্বাচনে হুগলির উত্তরপাড়া কেন্দ্রে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুরের সাংসদ তথা বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে এই আসনে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাট থেকে দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণার পর এই খবর প্রকাশ্যে আসে। উত্তরপাড়ায় বামফ্রন্টের হেভিওয়েট প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের এই তরুণ আইনজীবীর লড়াই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে।
ছেলের প্রার্থীপদে খুশি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, শীর্ষাণ্য ছাত্র রাজনীতি থেকেই দলের সঙ্গে যুক্ত এবং বর্তমানে একজন প্রতিষ্ঠিত আইনজীবী। আত্মবিশ্বাসের সঙ্গে কল্যাণবাবু বলেন যে, শীর্ষাণ্য রাজনীতিতে তাঁর চেয়েও ভালো কাজ করবেন। উল্লেখ্য, গত নির্বাচনে এই কেন্দ্রে জয়ী অভিনেতা কাঞ্চন মল্লিককে সরিয়ে এবার নতুন মুখ আনল শাসকদল।
পেশায় আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের অত্যন্ত পরিচিত মুখ। আরজি কর কাণ্ড, এসএসসি নিয়োগ দুর্নীতি এবং সন্দেশখালির মতো একাধিক সংবেদনশীল মামলায় তিনি রাজ্যের হয়ে সওয়াল করে নজর কেড়েছেন। বামেদের এক সময়ের শক্ত ঘাঁটি উত্তরপাড়ায় মীনাক্ষী ও শীর্ষাণ্যর এই দ্বৈরথ আসন্ন নির্বাচনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই হাই-ভোল্টেজ লড়াইয়ের দিকেই এখন নজর থাকবে রাজ্যবাসীর।

