উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা, জারি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস – এবেলা
এবেলা ডেস্কঃ
শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার মেজাজ বদলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং পশ্চিমা বায়ুর অক্ষরেখার প্রভাবে আগামী সাত দিন উত্তরবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। বুধবার থেকেই শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় জনজীবনে প্রভাব পড়েছে।
বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাহাড় ও ডুয়ার্সে আগামী সপ্তাহজুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে রবিবারের পর থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে এখনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার এবং ফসলের ক্ষতির বিষয়ে কৃষকদের সচেতন করেছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়ায় দৃশ্যমানতা হ্রাস এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

