উত্তর কোরিয়ার ক্ষমতায় কিম জং উন, দলীয় অধিবেশনে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া তাদের সাম্প্রতিক দলীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কিম জং উন-কে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। অধিবেশনের চতুর্থ দিনে গৃহীত এই সিদ্ধান্তকে প্রতিনিধিদের ‘অটুট ইচ্ছা’র প্রতিফলন হিসেবে বর্ণনা করা হয়েছে। এর মাধ্যমে দেশটির শাসনক্ষমতায় কিম জং উনের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও নেতৃত্ব আরও সুসংহত হলো।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিমের শাসনামলে দেশটির পারমাণবিক সক্ষমতা ও সামরিক শক্তি আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর আয়োজিত এই অধিবেশনে আবাসন, অর্থনীতি, প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সীমিত বাণিজ্যের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় কিম নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
২০১১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে কিম জং উন সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক সংস্কারের ওপরও জোর দিয়ে আসছেন। এবারের অধিবেশনেও রাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী করা এবং জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের অঙ্গীকার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই নবম পার্টি কংগ্রেস কিম পরিবারের দীর্ঘমেয়াদী শাসনকে আরও শক্তিশালী করার একটি আনুষ্ঠানিক মঞ্চ হিসেবে কাজ করেছে এবং পারমাণবিক কর্মসূচির পরবর্তী ধাপের রূপরেখা তৈরি করেছে।

