উপাচার্যের যোগ্যতা নিয়ে বিস্ফোরক বিদ্যুৎ চক্রবর্তী! বিশ্বভারতীর নিয়োগে বেনিয়মের অভিযোগে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202611:00 am
বিশ্বভারতীর বর্তমান উপাচার্য অধ্যাপক নন? শান্তিনিকেতনের অন্দরে নিয়োগ দুর্নীতি থেকে হেরিটেজ গেট বিতর্ক— সব মিলিয়ে এবার সরাসরি মুখ খুললেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শুক্রবার সকালে বিদ্যুৎবাবুর একটি খোলা চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে শিক্ষা মহলে।
নিজের ৫ বছরের মেয়াদে বারবার বিতর্কে জড়ানো বিদ্যুৎ চক্রবর্তী এবার আঙুল তুললেন বর্তমান উপাচার্য ডঃ প্রবীরকুমার ঘোষের নিয়োগ প্রক্রিয়ার দিকে। চিঠিতে তাঁর দাবি, ইতিহাসে এই প্রথম এমন কেউ উপাচার্য হলেন যিনি আদতে অধ্যাপক নন। রাষ্ট্রপতির অনুমতি থাকলেও এই নিয়োগকে ‘বেমানান’ বলে কটাক্ষ করেছেন তিনি।
চিঠিতে উঠে এসেছে আরও একাধিক বিস্ফোরক অভিযোগ:
- নিয়োগে দুর্নীতি: বাংলা ও ইতিহাস বিভাগে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উচ্চস্তর পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করেছেন তিনি। যার জেরে বর্তমানে প্রক্রিয়া স্থগিত রয়েছে।
- ঐতিহ্য নষ্ট: মেলা মাঠের হেরিটেজ গেট ভাঙার ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
- টিকিট কালোবাজারি: হেরিটেজ ওয়াকের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে বর্তমান প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎবাবু।
- জমি দখল: বিশ্বভারতীর জমি উদ্ধারে বর্তমান কর্তৃপক্ষ কেন উদাসীন, সেই প্রশ্নও তুলেছেন প্রাক্তন উপাচার্য।
যদিও এই খোলা চিঠিকে খুব একটা আমল দিতে রাজি নয় বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে প্রাক্তন উপাচার্যের এই ‘খোলা চিঠি’ যে শান্তিনিকেতনের বর্তমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলল, তা বলাই বাহুল্য।

