এআই নিয়ন্ত্রণে কঠোর কেন্দ্র: ৩ ঘণ্টার মধ্যে সরাতে হবে আপত্তিকর কনটেন্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর অপব্যবহার রুখতে দেশে কার্যকর হলো নতুন আইটি নিয়ম। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা দেশজুড়ে কার্যকর হয়েছে, যার মূল লক্ষ্য হলো এআই-সৃষ্ট ডিজিটাল কনটেন্ট এবং সিনথেটিক মিডিয়াকে নিয়ন্ত্রণ করা। গত ১০ ফেব্রুয়ারি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। নতুন এই সংস্কারের ফলে এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এআই কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা বাধ্যতামূলক।
নতুন নিয়মানুযায়ী, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি যেকোনো ছবি, ভিডিও বা অডিওতে নির্দিষ্ট লেবেল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। কোনো আপত্তিকর বা বেআইনি বিষয়বস্তুর অভিযোগ পাওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তা সরিয়ে ফেলতে হবে, যা আগে ছিল ৩৬ ঘণ্টা। বিশেষ করে ন্যুডিটি বা ডিপফেক ভিডিওর ক্ষেত্রে সময়সীমা কমিয়ে মাত্র ২ ঘণ্টা করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর আইনি সুরক্ষা কবচ (ধারা ৭৯) বাতিল হতে পারে।
ব্যবহারকারীদের দায়িত্ব বৃদ্ধিতেও জোর দিয়েছে সরকার। এখন থেকে কোনো কনটেন্ট আপলোডের সময় সেটি এআই-নির্মিত কি না, তা ব্যবহারকারীকে অবশ্যই ঘোষণা করতে হবে। মেটাডেটা বা লেবেলে কোনো ধরনের কারচুপি করা এখন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত করার পাশাপাশি ফৌজদারি মামলাও হতে পারে। এছাড়া শিশু যৌন নির্যাতন ও ডিপফেক রুখতে কো ম্পা নিগুলোকে বিশেষ এআই ফিল্টার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

