লেটেস্ট নিউজ

এআই সম্মেলনে মোদি বিরোধী স্লোগান, নেপালের জেন জি আন্দোলনের ধাঁচে বড় ষড়যন্ত্রের দাবি পুলিশের

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এআই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ ও স্লোগান দেওয়ার ঘটনায় বড়সড় ষড়যন্ত্রের দাবি করেছে দিল্লি পুলিশ। ধৃত চার যুব কংগ্রেস কর্মীকে আদালতে হাজির করে পুলিশ জানায়, নেপালের সরকার পতনের নেপথ্যে থাকা ‘জেন জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই এই প্রতিবাদের ছক কষা হয়েছিল। তদন্তকারীদের মতে, এই ঘটনার পেছনে গভীর কোনো পরিকল্পনা ও বিদেশি সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

শনিবার ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে তদন্তকারীরা জানান, বিক্ষোভকারীরা বিশেষ পাস জোগাড় করে সভাকক্ষের ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতা করে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান লেখা টি-শার্ট খুলে আদুড় গায়ে বিক্ষোভ দেখান তাঁরা। এই কর্মসূচির জন্য অর্থসাহায্য কারা করেছে এবং ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা অত্যন্ত জরুরি বলে আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন পুলিশ।

প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া চারজন হলেন যুব কংগ্রেসের জাতীয় সমন্বয়কারী নরসিংহ যাদব, জাতীয় সম্পাদক কৃষ্ণ হরি এবং দুই রাজ্য সম্পাদক কুন্দন যাদব ও অজয় কুমার। পুলিশ খতিয়ে দেখছে, বিক্ষোভকারীরা আরও বড় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন কি না। টি-শার্ট তৈরি থেকে শুরু করে সম্মেলনের ভেতরে প্রবেশের ছাড়পত্র জোগাড় পর্যন্ত প্রতিটি ধাপ খতিয়ে দেখে এই ‘ষড়যন্ত্রের’ শিকড়ে পৌঁছাতে চাইছে দিল্লি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *