একসাথে ৩০০ বেটিং অ্যাপের দফারফা! গ্যাম্বলিং অ্যাপ রুখতে ভারত সরকারের বড় পদক্ষেপ – এবেলা
এবেলা ডেস্কঃ
অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করল কেন্দ্র। এবার এক ধাক্কায় ৩০০টিরও বেশি বেটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্লক করল তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। অবৈধভাবে পরিচালিত এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে আর্থিক প্রতারণা ও অর্থ পাচারের আশঙ্কায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি সূত্রে খবর, এই নতুন তালিকায় রয়েছে অনলাইন স্পোর্টস বেটিং অ্যাপ, ক্যাসিনো গেমিং সাইট এবং একাধিক রামি ও মটকা নেটওয়ার্ক। এদের বেশিরভাগই বিদেশি সার্ভারের মাধ্যমে ভারতের সাধারণ মানুষকে লক্ষ্য করে কাজ করছিল। এই ৩০০টি অ্যাপ বন্ধের ফলে দেশে ব্লক করা মোট বেটিং প্ল্যাটফর্মের সংখ্যা দাঁড়ালো ৮,৪০০।
২০২৫ সালের ‘অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট’ অনুযায়ী সরকার এখন অনেক বেশি কঠোর। গত ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই আইন অনুযায়ী, বেআইনিভাবে জুয়া পরিচালনা করলে ৩ বছরের জেল ও বড় অঙ্কের জরিমানার সংস্থান রয়েছে। বিষয়টি তদারকি করার জন্য তৈরি করা হয়েছে বিশেষ সংস্থা ‘অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া’।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি লক্ষ্য করেছে যে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে যুব সমাজকে দ্রুত বড়লোক হওয়ার টোপ দেওয়া হচ্ছে। এর আড়ালে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। সাধারণ মানুষকে সতর্ক করে সরকার জানিয়েছে, কোনো অননুমোদিত বা সন্দেহজনক অ্যাপে টাকা বিনিয়োগ করবেন না। প্রযুক্তিগত নজরদারি বাড়িয়ে আগামী দিনে আন্তর্জাতিক স্তরেও এই চক্র ভাঙতে পরিকল্পনা করছে কেন্দ্র।

