একাই কাঁপাবেন আইপিএল ২০২৬! বিরাট কোহলির ব্যাটে এবার অবিশ্বাস্য ইতিহাস গড়ার হাতছানি – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক –
আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল ২০২৬। উদ্বোধনী ম্যাচেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই শিরোনামে উঠে এসেছেন আরসিবি-র প্রাণভোমরা বিরাট কোহলি। এই মরশুমে কিং কোহলির সামনে রয়েছে এমন তিনটি বিরল রেকর্ড গড়ার সুযোগ, যা এর আগে বিশ্বের কোনো ব্যাটার কল্পনাও করতে পারেননি।
বিরাটের লক্ষ্য এখন ‘১৪ হাজারি’ ক্লাব
টি-২০ ফরম্যাটে বর্তমানে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। ৩৯৯ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৩,৫৪৩ রান। আসন্ন আইপিএলে আর মাত্র ৪৫৭ রান করতে পারলেই তিনি স্পর্শ করবেন ১৪,০০০ রানের ঐতিহাসিক মাইলফলক। রোহিত শর্মা (১২,২৪৮ রান) বা শিখর ধাওয়ানরা (৯,৭৯৭ রান) তাঁর থেকে এখনও অনেকটা পিছিয়ে।
নিজের দেশেই ১০ হাজার রান! বিশ্বরেকর্ডের দোরগোড়ায় ভিকে
শুধু আন্তর্জাতিক বা লিগ ক্রিকেট নয়, নির্দিষ্ট একটি দেশের মাটিতে টি-২০ ফরম্যাটে রান করার ক্ষেত্রেও শীর্ষে কোহলি। ভারতের মাটিতে ২৮৪ ম্যাচে তিনি করেছেন ৯,৭০৪ রান। এই আইপিএলে আর মাত্র ২৯৬ রান যোগ করতে পারলেই বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে কোনো একটি নির্দিষ্ট দেশে ১০ হাজার টি-২০ রান করার অবিস্মরণীয় কীর্তি গড়বেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার ভারতের মাটিতে সংগ্রহ ৮,৪২৬ রান।
আইপিএলের মুকুট কি ধরে রাখতে পারবে আরসিবি?
গতবারের চ্যাম্পিয়ন হিসেবে এবার খেতাব রক্ষার কঠিন লড়াই বিরাটের দলের সামনে। আইপিএলের ইতিহাসে ২৬৭ ম্যাচে ৮,৬৬১ রান করে ইতিমধ্যেই ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন কোহলি। এবার তাঁর লক্ষ্য আইপিএলে ৯,০০০ রানের শৃঙ্গ জয় করা। এর জন্য তাঁর প্রয়োজন আর মাত্র ৩৩৯ রান। ৮টি সেঞ্চুরি ও ৬৩টি হাফসেঞ্চুরি করা এই তারকার ব্যাটের দিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন, ফর্মে থাকা কোহলি যদি এই তিনটি রেকর্ড ভেঙে চুরমার করে দেন, তবে ২০২৬ আইপিএল শুধুই ‘বিরাট’ময় হয়ে থাকবে।

