লেটেস্ট নিউজ

এক চুমুক জলেই ঘনিয়ে এল মৃত্যু বিভীষিকা! মিষ্টির দোকানদারের ভুলে আইসিইউ-তে ব্যবসায়ী – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের জামালপুরে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। তেষ্টা মেটাতে নামী কো ম্পা নির জলের বোতল কিনেছিলেন বালি ব্যবসায়ী জয়জিৎ মহান্ত। কিন্তু কে জানত, সিলবন্ধ সেই বোতলে জলের বদলে ভরা রয়েছে প্রাণঘাতী রাসায়নিক! দোকানদারের এক মারাত্মক ভুলেই এখন কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৫৬ বছর বয়সী ওই ব্যবসায়ী।

সিলবন্ধ বোতলে বিষাক্ত অ্যাসিড

সোমবার দুপুরে ব্যবসায়িক কাজে বেরিয়ে জামালপুরের হালাড়া মোড়ের একটি মিষ্টির দোকান থেকে দু’লিটারের একটি জলের বোতল কেনেন জয়জিৎবাবু। সরল বিশ্বাসে বোতলের ছিপি খুলেই বেশ খানিকটা খেয়ে ফেলেন তিনি। মুহূর্তের মধ্যেই শুরু হয় অসহ্য যন্ত্রণা। মুখ দিয়ে রক্তবমি ও প্রস্রাবের সাথে রক্তক্ষরণ শুরু হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ ও পরে কলকাতার আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

পুলিশের জালে দোকানদার

ঘটনার খবর পেয়েই জামালপুর থানার পুলিশ ওই মিষ্টির দোকানে হানা দেয়। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ধৃত দোকানদার প্রণব সরকার স্বীকার করেছেন যে, ছানা কাটানোর জন্য ব্যবহৃত ‘মিল্ক অ্যান্টিফাঙ্গাস অ্যাসিড’ তিনি সাধারণ জলের বোতলে ভরে রেখেছিলেন। ভুলবশত সেই বিষাক্ত রাসায়নিক ভর্তি বোতলই তিনি পানীয় জল হিসেবে ব্যবসায়ীর হাতে তুলে দেন। পুলিশ ওই দোকান থেকে আরও একটি রাসায়নিক ভর্তি বোতল বাজেয়াপ্ত করেছে।

মিষ্টির দোকানে কি বিষের কারবার

তদন্তে জানা গিয়েছে, অনেক অসাধু ব্যবসায়ী ছানা দীর্ঘক্ষণ তরতাজা রাখতে এই বিশেষ অ্যাসিড ব্যবহার করছেন। চিকিৎসকদের মতে, জলের মতো দেখতে এই অ্যাসিড অত্যন্ত বিষাক্ত। খালি পেটে মাত্র কয়েক ফোঁটা শরীরে গেলেই মৃত্যু অনিবার্য হতে পারে। সাধারণ জলের বোতলে এমন বিপজ্জনক রাসায়নিক রাখা সাধারণ মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পুলিশ কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *