এক ধাক্কায় সস্তা সোনা ও রুপো! রেকর্ড পতনের পর আজ কত হল নতুন দাম? জেনে নিন বর্তমান রেট – এবেলা
এবেলা ডেস্কঃ
সোনা ও রুপোর বাজারে হুলুস্থুল কাণ্ড! বৃহস্পতিবার একলাফে প্রতি কেজি রুপোর দাম ২৯ হাজার টাকা এবং সোনার দাম ৯ হাজার টাকার বেশি কমে যাওয়ায় মাথায় হাত পড়েছিল ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের জেরে বিশ্বজুড়ে এই ধাতু দুটির দামে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসের রেকর্ড উচ্চতা থেকে সোনা বর্তমানে প্রায় ৪৭ হাজার টাকা এবং রুপো ১.৮৯ লক্ষ টাকা সস্তা হয়েছে।
তবে গতকালের সেই ঐতিহাসিক পতনের পর আজ শুক্রবার বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। যদিও এই রিকভারি গতকালের ক্ষতির তুলনায় অনেকটাই কম। বিকেল সাড়ে ৪টে নাগাদ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম ১,৫৩৬ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ১.৪৬ লক্ষ টাকায় পৌঁছেছে। অন্যদিকে রুপোর দাম ৪২৭ টাকা বেড়ে প্রতি কেজি ২,৩১,৮৮৭ টাকায় লেনদেন হচ্ছে।
কেন এই নজিরবিহীন পতন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন অর্থনীতির স্থিতিশীলতা বিনিয়োগকারীদের নজর সোনার থেকে ঘুরিয়ে ডলারের দিকে নিয়ে গেছে। ফলে চাহিদা কমায় দাম কমছে। কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৩,৮৩৫ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১৫,০৯৩ টাকা চলছে। ১ এপ্রিল থেকে এটিএম লেনদেনেও বড় বদল আসতে চলেছে, যা সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

