এপস্টিন ফাইলস: তদন্ত কমিটির মুখোমুখি বিল ক্লিনটন, ‘ললিতা এক্সপ্রেস’ সফর নিয়ে সাফাই – এবেলা
এবেলা ডেস্কঃ
জেফ্রি এপস্টিন কেলেঙ্কারি মামলায় মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। নব্বইয়ের দশক থেকে এপস্টিনের সঙ্গে ক্লিনটনের সামাজিক ও পেশাগত সুসম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। বিশেষ করে এপস্টিনের ব্যক্তিগত বিমান ‘ললিতা এক্সপ্রেস’-এ ক্লিনটনের অন্তত ১৬ বার ভ্রমণের তথ্য প্রকাশ্যে আসায় তদন্তকারীদের নজরে রয়েছেন এই ডেমোক্র্যাট নেতা।
বন্ধ ঘরে হওয়া শুনানিতে ক্লিনটন নিজের স্বপক্ষে সাফাই দিয়ে জানান যে, তিনি কোনো ভুল করেননি এবং এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। হোয়াইট হাউস ছাড়ার পর এপস্টিনের জেটে সফরের কথা স্বীকার করলেও, বর্তমান পরিস্থিতিতে সেই সম্পর্কের জন্য তিনি অনুতপ্ত বলে দাবি করেছেন। যদিও সম্প্রতি প্রকাশিত কিছু নথিতে এপস্টিনের সাথে ক্লিনটনের ছবি বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে।
বর্তমানে রিপাবলিকান নিয়ন্ত্রিত এই তদন্ত কমিটির কার্যক্রমকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ডেমোক্র্যাটরা। তাঁদের মতে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সম্ভাব্য বিতর্ক আড়াল করতেই ক্লিনটন দম্পতিকে লক্ষ্য করা হচ্ছে। উল্লেখ্য, ক্লিনটনের আগে তাঁর স্ত্রী হিলারি ক্লিনটনও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং এপস্টিনের সাথে কোনো প্রকার ঘনিষ্ঠতা বা পরিচয়ের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

