লেটেস্ট নিউজ

এফআইআর থাকলেও বিদেশ যাত্রায় নেই বাধা! দিল্লি হাইকোর্টের ঐতিহাসিক রায় – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: কোনো ব্যক্তির নামে এফআইআর থাকলেই কি তাঁর বিদেশ ভ্রমণের অধিকার কেড়ে নেওয়া যায়? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড়িয়ে এক যুগান্তকারী রায় দিল দিল্লি হাইকোর্ট। আদালতের সাফ কথা, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাসপোর্ট রাখা এবং বিদেশে ভ্রমণ করা প্রতিটি নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ।

সম্প্রতি রাহেজা ডেভেলপার্স সংস্থার প্রাক্তন ডিরেক্টর যোগেশ রাহেজার একটি মামলার শুনানিতে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব এই নির্দেশ দেন। যোগেশ রাহেজা যখন তাঁর পাসপোর্ট নবীকরণের আবেদন করেছিলেন, তখন তিনি তাঁর বিরুদ্ধে থাকা একটি এফআইআর-এর কথা উল্লেখ করেননি। এই যুক্তিতে কেন্দ্র সরকার গত বছর তাঁর পাসপোর্টটি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন যে, বিদেশ মন্ত্রকের ২০১৯ সালের নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র একটি এফআইআর দায়ের হওয়া মানেই কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইনি প্রক্রিয়া বকেয়া রয়েছে বলে ধরা যায় না। যতক্ষণ না আদালত বিষয়টি খতিয়ে দেখে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট আটকে রাখা যুক্তিহীন।

সবদিক বিবেচনা করে দিল্লি হাইকোর্ট কেন্দ্রের পাসপোর্ট বাজেয়াপ্ত করার আদেশটি বাতিল করে দেয়। বিচারপতির মতে, নাগরিকের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করতে হলে তা অবশ্যই যুক্তিগত এবং ন্যায়বিচারের নীতি অনুসারে হতে হবে। এই রায়ের ফলে স্পষ্ট হয়ে গেল যে, কেবল এফআইআর-এর দোহাই দিয়ে বৈধ পাসপোর্টে বিদেশ যাত্রা আটকানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *