এলআইসি অ্যাকাউন্টের ভয় দেখিয়ে বৃদ্ধার ৪৮ লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেদাবাদে এক বৃদ্ধার এলআইসি অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সাইবার অপরাধীদের জালে পড়ে ৭৩ বছর বয়সী ওই মহিলা খুইয়েছেন প্রায় ৪৭.৩৫ লক্ষ টাকা। আমেদাবাদের ঘাটলোদিয়ার বাসিন্দা ওই বৃদ্ধা ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২৮ এপ্রিল ওই বৃদ্ধার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনকারী নিজেকে এনপিসিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে জানায় যে, বৃদ্ধার এলআইসি অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা জমা হয়েছে। সেই টাকা ফেরত পেতে হলে তাঁকে আইনি লড়াই লড়তে হবে বলে ভয় দেখানো হয়। মামলার খরচ হিসেবে প্রথমে তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করা হয়।
পরবর্তীতে বিভিন্ন ধরনের ফি এবং প্রক্রিয়াকরণ খরচের নাম করে ধাপে ধাপে ওই মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে প্রতারকরা। এমনকি এক সময় তাঁকে বিশ্বাস করানো হয় যে, তাঁর জমানো টাকার পরিমাণ বেড়ে ১.৪৮ কোটি টাকা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ পাওয়ার লোভে এবং অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ভয়ে বৃদ্ধা গত চার বছর ধরে প্রতারকদের টাকা দিয়ে গিয়েছেন।
অবাক করার মতো বিষয় হলো, দীর্ঘ চার বছর ধরে এই জালিয়াতি চললেও পরিবারের সদস্যরা বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি। শেষ পর্যন্ত প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই বৃদ্ধা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে। আধুনিক প্রযুক্তির যুগে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের টার্গেট করে এই ধরনের অপরাধ রুখতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

