এলএসজি-র ফিল্ডিং কোচ পদ থেকে বিদায় নিলেন জন্টি রোডস, দায়িত্ব পেলেন অভয় শর্মা – এবেলা
এবেলা ডেস্কঃ
ফিল্ডিংয়ে হতাশাজনক পারফরম্যান্সের জেরে কিংবদন্তি জন্টি রোডসকে সরিয়ে নতুন ফিল্ডিং কোচ হিসেবে অভয় শর্মার নাম ঘোষণা করল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত জন্টির অধীনে দলের ফিল্ডিং পরিসংখ্যান ছিল অত্যন্ত শোচনীয়। গত মরশুমের প্রথম নয়টি ম্যাচেই লখনউ ১৪টি ক্যাচ এবং ২২টি রান আউটের সুযোগ নষ্ট করেছিল, যা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
দিল্লির প্রাক্তন ক্রিকেটার অভয় শর্মার কোচিংয়ে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালে ভারতের যুব বিশ্বকাপ জয়ে তাঁর বিশেষ ভূমিকা ছিল। এছাড়া ভারতীয় মহিলা দল এবং উগান্ডা জাতীয় দলের হেড কোচ হিসেবেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন মরশুমে লখনউ তাদের সাপোর্ট স্টাফে বড়সড় রদবদল ঘটিয়েছে। টম মুডিকে গ্লোবাল ডিরেক্টর এবং কেন উইলিয়ামসনকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার করার পাশাপাশি অভয় শর্মার অন্তর্ভুক্তি দলের ফিল্ডিংয়ের মানোন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ঋষভ পন্থ, শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালদের মতো তারকাদের জুনিয়র স্তরে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা এবার এলএসজি-র জন্য কাজে লাগাবেন তিনি।

