এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় বদল, বিপাকে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা – এবেলা
এবেলা ডেস্কঃ
রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমায় বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এখন থেকে ১৪.২ কেজির একটি সিলিন্ডার বুক করার ৪৫ দিন পর দ্বিতীয়টি বুক করতে পারবেন, যা আগে ছিল ২৫ দিন। তবে ৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে ১৬ দিনের ব্যবধানে বুকিংয়ের পুরনো নিয়মই বহাল থাকছে।
সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেও ডবল সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। অন্যদিকে, সিঙ্গল সিলিন্ডার গ্রাহকদের জন্য এই সময়সীমা রাখা হয়েছে ২৫ দিন। তবে ৫ ও ১০ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে শহর ও গ্রামের জন্য ভিন্ন ভিন্ন সময়সীমা নির্ধারিত হয়েছে। শহরে ৫ কেজির সিলিন্ডার ৯ দিনের ব্যবধানে এবং গ্রামে ১৬ দিন পর বুক করা যাবে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানির জোগান নিয়ে উদ্বেগ তৈরি হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আশ্বস্ত করেছেন। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়। সরবরাহ স্বাভাবিক রাখতে এবং এলপিজি উৎপাদন বৃদ্ধিতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানানো হয়েছে। তবুও বুকিংয়ের এই নতুন কড়াকড়িতে সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়ছে।

