লেটেস্ট নিউজ

এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, চ্যাম্পিয়ন ভারত

থাইল্যান্ডে আয়োজিত মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপের হাই-ভোল্টেজ ফাইনালে বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার খেতাবি লড়াইয়ে রাধা যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বাংলাদেশের সামনে জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্যমাত্রা রাখে। তবে ভারতীয় বোলারদের দাপটে একশ রানের গণ্ডিও পেরোতে পারেনি বাংলাদেশ। মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায় পদ্মাপাড়ের ব্যাটিং লাইনআপ, যার ফলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ট্রফি ঘরে তোলে ভারত।

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। পাওয়ার প্লে-তে ৩৩ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতে চাপে পড়লেও, তেজল হাসনবিশ এবং অধিনায়ক রাধা যাদবের ৬৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। তেজল দুর্দান্ত অর্ধশতরান করেন এবং নির্ধারিত ২০ ওভারে ভারত ১৩৪ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে শামিমা সুলতানা সর্বোচ্চ ২০ রান করলেও বাকিরা ভারতীয় স্পিন আক্রমণের সামনে কার্যত আত্মসমর্পণ করেন।

ভারতীয় বোলারদের মধ্যে প্রেমা রাওয়াত ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। গতবার এই টুর্নামেন্টে সেমিফাইনালে বাংলাদেশের কাছে হারতে হলেও, এবার ফাইনালে সেই হারের প্রতিশোধ নিল ভারত। ভারতের ছয়জন বোলারের প্রত্যেকেই উইকেটের দেখা পেয়েছেন, যার ফলে বাংলাদেশের কোনো ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেননি। এই দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে এশিয়া কাপের শিরোপা অক্ষুণ্ণ রাখল ভারতীয় প্রমিলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *