লেটেস্ট নিউজ

এসআইআর প্রক্রিয়ার চাপ সইতে না পেরে গঙ্গায় ঝাঁপ বিএলও-র, চাঞ্চল্য শ্রীরামপুরে

অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক বিএলও। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মোহাম্মদ কায়ামুদ্দিন শনিবার শ্রীরামপুর ফেরিঘাট থেকে লঞ্চে উঠে মাঝনদীতে গঙ্গায় ঝাঁপ দেন। ফেরিঘাটের কর্মীদের তৎপরতায় এবং দীর্ঘ প্রচেষ্টায় তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কায়ামুদ্দিন এসআইআর (SIR) প্রক্রিয়ার তথ্য ও পরিসংখ্যান আপলোড করার ক্রমবর্ধমান চাপে মানসিক অবসাদে ভুগছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বাধ্যবাধকতা এবং শুনানির নোটিশ সংক্রান্ত জটিলতা তাঁকে বিচলিত করে তুলেছিল। উদ্ধারের সময় তাঁর ব্যাগে এসআইআর সংক্রান্ত অসংখ্য গুরুত্বপূর্ণ নথি ও ফর্ম পাওয়া গেছে।

উদ্ধারের পর কায়ামুদ্দিনকে লঞ্চেই প্রাথমিক শুশ্রুষা দেওয়া হয় এবং পরে শ্রীরামপুর থানার পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। পুলিশ ইতিমিধ্যেই তাঁর পরিবারকে খবর দিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *