ওজন বাড়লেই কাটা যাবে বেতন! এয়ার ইন্ডিয়ার নতুন নিয়মে ঘুম উড়েছে কর্মীদের – এবেলা
এবেলা ডেস্কঃ
টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া তাদের কেবিন ক্রু সদস্যদের জন্য অত্যন্ত কড়া ‘হেলথ অ্যান্ড ফিটনেস কমপ্লায়েন্স পলিসি’ চালু করতে চলেছে। ১ মে থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী, কোনো কর্মীর ওজন নির্দিষ্ট সীমার বাইরে গেলে তাকে শুধু ডিউটি থেকে সরানোই হবে না, গুনতে হবে বড় অঙ্কের জরিমানাও।
কী আছে নতুন নীতিতে?
এয়ারলাইন্সের নির্দেশিকা অনুযায়ী, কর্মীদের বিএমআই (BMI) বা বডি মাস ইনডেক্স কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। ১৮ থেকে ২৪.৯ পর্যন্ত বিএমআই-কে ‘স্বাভাবিক’ ধরা হয়েছে। তবে বিএমআই ৩০-এর বেশি হলেই তাকে ‘স্থূল’ বা ওবেসিটি হিসেবে গণ্য করা হবে।
বেতন ও ডিউটির ওপর প্রভাব
- ওজন বেশি বা কম: যারা আন্ডারওয়েট বা ওভারওয়েট হিসেবে চিহ্নিত হবেন, তাদের ডিউটি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হবে। পুনরায় ফিটনেস টেস্টে পাস না করা পর্যন্ত তাদের বেতন কাটা হবে।
- স্থূলতা: যাদের বিএমআই ৩০ ছাড়িয়ে যাবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওজন না কমালে কঠোর শাস্তির মুখে পড়তে হবে তাদের।
এয়ার ইন্ডিয়ার যুক্তি
কর্তৃপক্ষের দাবি, কর্মীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে এই কঠোর নিয়মের ফলে বর্তমান এবং প্রশিক্ষণরত কেবিন ক্রুদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

