লেটেস্ট নিউজ

ওড়িশায় নয়া ফরমান: সাধারণতন্ত্র দিবসে কোরাপুটে বন্ধ মাছ-মাংস বিক্রি – এবেলা

এবেলা ডেস্কঃ

ভুবনেশ্বর: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বড় সিদ্ধান্ত ওড়িশার কোরাপুট জেলা প্রশাসনের। আগামী ২৬ জানুয়ারি জেলাজুড়ে মাছ, মাংস ও ডিম সহ সমস্ত ধরনের আমিষ পণ্য বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার কোরাপুটের জেলাশাসক মনোজ সত্যওয়ান মহাজন একটি সরকারি চিঠির মাধ্যমে এই নির্দেশিকা জারি করেন। তহসিলদার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) এবং পুরসভার এক্সিকিউটিভ অফিসারদের কাছে পাঠানো ওই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জেলায় কোনোভাবেই আমিষ খাবার বিক্রি করা যাবে না। এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

বিজেপি শাসিত রাজ্যগুলোতে সাধারণত নবরাত্রি বা রামনবমীর মতো ধর্মীয় অনুষ্ঠানে আমিষ বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেখা যায়। তবে জাতীয় দিবসে এই ধরনের বিধিনিষেধ ওড়িশার এই জেলায় নতুন করে চর্চা ও বিতর্কের জন্ম দিয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *