ওড়িশায় বন্দুক দেখিয়ে নববধূকে অপহরণ, কাঠগড়ায় প্রাক্তন প্রেমিক
ওড়িশার বোলাঙ্গির জেলায় বিয়ের আসর থেকে ফেরার পথে এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটেছে। কান্তামাল এলাকায় বিয়ের সব আচার শেষ করে ভোরে সপরিবারে বাড়ি ফিরছিলেন বর হরিবন্ধু প্যাটেল। পথে বাদাবাঁধা এলাকার তার্ভা রোডে তিন দুষ্কৃতী তাঁদের গাড়ি আটকে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। বরের অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তাঁর স্ত্রীকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় অভিযুক্ত প্রাক্তন প্রেমিক ও তার সঙ্গীরা।
ঘটনার আকস্মিকতায় অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় বর ও তাঁর পরিবারের সদস্যদের। এরপরই হরিবন্ধু প্যাটেল তার্ভা থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ইনচার্জ অনিতা কিডো জানিয়েছেন, বন্দুকের মুখে দম্পতিকে আটকে রেখে এই অপহরণ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে এবং অপহৃত নববধূকে উদ্ধারে পুলিশ ইতিমধ্যেই বিশেষ অভিযান শুরু করেছে।
তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে পুরনো কোনো শত্রুতা বা প্রেমঘটিত বিবাদ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি অপহৃত মহিলার সঙ্গে অভিযুক্তের কোনো যোগসাজশ ছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে প্রশাসন। এই নজিরবিহীন ঘটনায় বর্তমানে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ।

