লেটেস্ট নিউজ

ওড়িশায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ৫ পুলিশকর্মীর মৃত্যু, আহত ৩

ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় রবিবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ ভ্যান ও একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই বিপর্যয় ঘটে। টহলদারি শেষে থানায় ফেরার পথে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে সশস্ত্র পুলিশের কর্মী কাশীরাম ভোই ও দেবদত্ত সা, হাবিলদার লিঙ্গরাজ ধুরুয়া, ড্রিল সাব-ইন্সপেক্টর নিরঞ্জন কুজুর এবং হোমগার্ড ভক্তবন্ধু মির্ধা রয়েছেন। এছাড়া দুই এপিআর কর্মী ও একজন সার্জেন্ট গুরুতর আহত অবস্থায় ঝাড়সুগুড়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

ঝাড়সুগুড়ার পুলিশ সুপার গুন্ডালা রাঘবেন্দ্র রেড্ডি জানিয়েছেন, সদর থানার সামনেই এই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সরকারি তথ্য অনুযায়ী, গত এক বছরে অতিরিক্ত গতির কারণে ওড়িশায় সাত হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *