ওয়াংখেড়ের মাঠকর্মীদের কোটি টাকার উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন হার্দিক পান্ডিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়ের পর বড় মনের পরিচয় দিলেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপ শুরুর আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গভীর রাত পর্যন্ত কঠোর অনুশীলনে সহায়তা করা ১১ জন মাঠকর্মীকে তিনি বিশেষ সংবর্ধনা জানিয়েছেন। নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, তাঁদের প্রত্যেককে ১০ লক্ষ টাকার চেকসহ বিভিন্ন মূল্যবান উপহার তুলে দেন তিনি।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সশরীরে উপস্থিত হয়ে হার্দিক এই পুরস্কার প্রদান করেন। উল্লেখ্য, এই মাঠেই বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। আইপিএল ২০২৬ শুরুর আগে মাঠকর্মীদের প্রতি হার্দিকের এই মানবিক দৃষ্টিভঙ্গি এবং কৃতজ্ঞতাবোধ ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জেতে টিম ইন্ডিয়া, যেখানে হার্দিকের পারফরম্যান্স ছিল অনবদ্য। ২০২৪ ও ২০২৬ সালে টানা দু’বার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়া এই ক্রিকেটার ব্যক্তিগত জীবনেও উদযাপনে মেতেছেন। শিরোপা জয়ের পর তিনি বান্ধবী মাহিকা শর্মাকে ১০ কোটি টাকার একটি বিলাসবহুল ‘ফেরারি ১২সিলিন্ড্রি’ গাড়ি উপহার দিয়েছেন।

