লেটেস্ট নিউজ

কয়লা পাচার রুখতে গিয়ে ইসিএল আধিকারিককে মারধর, আসানসোল আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত

কয়লা পাচার রুখতে গিয়ে আক্রান্ত হওয়া ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) আধিকারিক দিলীপ প্রসাদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাটুল গড়াইকে দোষী সাব্যস্ত করল আসানসোল জেলা আদালত। ২০২১ সালের ৯ মে বারাবনী থানা এলাকায় অভিযান চলাকালীন সিকিউরিটি ইনস্পেক্টর দিলীপ প্রসাদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল বাটুলের বিরুদ্ধে। সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বারাবনী থানায় অভিযোগ দায়েরের ভিত্তিতে মামলার তদন্ত শুরু হয়। দীর্ঘ শুনানিতে বিচারক দেবপ্রসাদ নাথের এজলাসে মোট ১০ জন সাক্ষ্য প্রদান করেন। সমস্ত সাক্ষ্যপ্রমাণ এবং উভয় পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব খতিয়ে দেখে মঙ্গলবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত নেয়।

মামলার রায় ঘোষণার পর আসানসোল জেলা আদালত জানিয়েছে, আগামী বুধবার অভিযুক্ত বাটুল গড়াইয়ের সাজা ঘোষণা করা হবে। কয়লা চুরির বিরুদ্ধে প্রশাসনিক অভিযানে এই ধরনের হামলার ঘটনায় আদালতের এই পদক্ষেপ স্থানীয় স্তরে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আগামীকালের রায়ের দিকেই এখন নজর রয়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *