লেটেস্ট নিউজ

করাচিতে রমজানের প্রথম ভোরে ভয়াবহ বিস্ফোরণ, ৯ শিশুসহ মৃত ১৬

রমজানের প্রথম দিনেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বন্দর শহর করাচি। বৃহস্পতিবার ভোরে ওল্ড সোলজার বাজার এলাকার একটি বহুতল ভবনে এই দুর্ঘটনা ঘটে। সেহরির সময় ঘটা এই শক্তিশালী বিস্ফোরণে ৯ শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৪ জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভবনের প্রথম তলায় গ্যাস সিলিন্ডার ফেটে এই বিপর্যয় ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির একটি অংশ ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দমকল বাহিনী ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করে খতিয়ে দেখছেন এটি একটি না একাধিক সিলিন্ডারের বিস্ফোরণ ছিল।

করাচিতে জরাজীর্ণ ভবন ও গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা নতুন নয়। গত মাসেও একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ৮০ জনের মৃত্যু হয়েছিল। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শহরের কয়েকশ ভবনকে ইতিমধ্যে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *