কলকাতায় ঊর্ধ্বমুখী সোনার দর, নতুন উচ্চতায় রূপার দামও – এবেলা
এবেলা ডেস্কঃ
February 22, 202611:16 am
চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মার্কিন শুল্ক নীতির প্রভাবে ভারতের বাজারে সোনা ও রূপার দামে বড়সড় উত্থান ঘটেছে। গত তিন দিন ধরে সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।
আজ রবিবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৫৯,২৮০ টাকা এবং গহনার সোনা বা ২২ ক্যারেটের দাম ১,৪৬,০০০ টাকা। দেশের অন্যান্য শহর যেমন দিল্লি, মুম্বই এবং জয়পুরেও সোনার দাম প্রায় একই স্তরে অবস্থান করছে। গত কয়েকদিনের ধারাবাহিক বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও বিনিয়োগের মাধ্যম হিসেবে এটি এখনও আকর্ষণের কেন্দ্রে রয়েছে।
অন্যদিকে, রূপার বাজারেও বড় চমক দেখা গিয়েছে। বর্তমানে কলকাতায় প্রতি কেজি রূপা বিক্রি হচ্ছে ২,৭৫,০০০ টাকায়, যেখানে প্রতি ১০ গ্রামের দাম ২,৭৫০ টাকা। যদিও চলতি মাসের শুরুতে রূপার দাম আরও বেশি ছিল, তবে সাম্প্রতিক দরপতনের পর নতুন করে এই মূল্যবৃদ্ধি বাজারকে পুনরায় চাঙ্গা করে তুলেছে। ভারতজুড়ে আজ রূপার দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

