লেটেস্ট নিউজ

কলকাতায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিঘ্নিত শাহের সফর, মাঝ আকাশে দীর্ঘক্ষণ চক্কর কাটল বিমান – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার মধ্যরাতে প্রবল কালবৈশাখীর জেরে কলকাতায় অবতরণের মুখে চরম বিপত্তির মুখে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত সময় রাত ১১টা ৪০ মিনিটে তাঁর বিমান নামার কথা থাকলেও, প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। ঝড়বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে, এটিসি থেকে অবতরণের অনুমতি মেলেনি। ফলে প্রায় ৫৫ মিনিট ধরে কলকাতার আকাশে চক্কর কাটতে বাধ্য হয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট বেসরকারি বিমানটি।

নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় এবার বিএসএফের বিশেষ বিমানের বদলে সাধারণ বেসরকারি বিমানে সফর করছিলেন অমিত শাহ। ছোট বিমান হওয়ায় ঝোড়ো হাওয়ায় ভারসাম্য রক্ষা করা আরও কঠিন হয়ে পড়েছিল। এক পর্যায়ে বিমানটি কৃষ্ণনগরের ওপর দিয়েও ঘুরে আসে। অবশেষে রাত ১টা ২০ মিনিট নাগাদ পাইলটদের তৎপরতায় কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই একই ধরনের দুর্যোগের কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে। আজ কলকাতায় অমিত শাহের একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে, যার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ ও দলীয় বৈঠক অন্যতম। বিকেলেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *