লেটেস্ট নিউজ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ভ্রুকুটি, ভিজতে পারে একাধিক জেলা – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ৩ ঘণ্টার মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সন্ধ্যা থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা রয়েছে, কিছু এলাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কিছু অংশে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাঁকুড়ার কিছু এলাকায় শিলাবৃষ্টিরও খবর মিলেছে। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলে চলতি সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *