লেটেস্ট নিউজ

‘কল্যাণবর্ণ’ আবিরে বসন্ত উৎসবে মাতল কল্যাণী বিশ্ববিদ্যালয় – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম দোলযাত্রা উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য বসন্ত উৎসব। বিশ্ববিদ্যালয়ের আম্রকুঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলবন্ধনে বসন্তের গানে মুখরিত হয়ে ওঠে চত্বর। ১৯৬০ সালে যাত্রা শুরু করলেও ২০১৮ সাল থেকে বাংলা বিভাগের হাত ধরেই এই উৎসবের সূচনা হয়।

উপাচার্য অধ্যাপক কল্লোল পাল এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এবারের উৎসবের মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাসায়নিকমুক্ত ভেষজ আবির ‘কল্যাণবর্ণ’। উপাচার্য জানান, নিজেদের তৈরি এই পরিবেশবান্ধব আবির দিয়ে বসন্ত উদযাপন করা অত্যন্ত গর্বের বিষয়। এই উদ্যোগ উৎসবের আনন্দে এক নতুন মাত্রা যোগ করেছে।

বিভাগীয় অধ্যাপক সুখেন বিশ্বাস এবং কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অসীমানন্দ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী ও গবেষক এই উৎসবে শামিল হন। বাংলা বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও বসন্তনৃত্য ও আবির খেলায় মেতে ওঠেন। আম্রকুঞ্জের এই অকাল বসন্ত উদযাপন নবীন-প্রবীণের মেলবন্ধনে এক সার্থক রূপ লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *