লেটেস্ট নিউজ

কাজের চাপে আত্মহত্যার চেষ্টা বিএলও-র, মাঝগঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষকের

ভোটের ডিউটি ও এসআইআর-এর কাজের অত্যধিক চাপে শ্রীরামপুর ফেরিঘাটে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বিএলও। পেশায় কাঁচরাপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ কায়ামুদ্দিন ব্যারাকপুর এলাকার বিএলও হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে ফেরি থেকে গঙ্গায় ঝাঁপ দেন তিনি। উপস্থিত কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান ওই শিক্ষক।

জানা গেছে, নথিপত্র যাচাই ও ফর্ম ডিজিটাইজেশনের কাজে দীর্ঘ দিন ধরেই মানসিক চাপে ছিলেন তিনি। প্রযুক্তিগত কাজে নিজের সমস্যার কথা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অব্যাহতির আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। এই পরিস্থিতির চাপে দিশেহারা হয়েই তিনি চরম সিদ্ধান্ত নেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

উদ্ধারের পর শ্রীরামপুর থানার পুলিশ তাঁকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা থাকায় বিএলও-দের ওপর কাজের চাপ বাড়ছে। এই ঘটনা সরকারি কর্মীদের ওপর পেশাগত মানসিক চাপের উদ্বেগজনক চিত্রটি পুনরায় প্রকাশ্যে নিয়ে এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *