কাবুলের হাসপাতালে ভয়াবহ পাক বিমান হানা, নিহত অন্তত ৪০০ – এবেলা
এবেলা ডেস্কঃ
কাবুলের ওমিদ নেশামুক্তি কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার রাত ৯টা নাগাদ ২ হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতালে হওয়া হামলায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫০ জন। তালিবান প্রশাসনের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত জানিয়েছেন, পাক বিমানবাহিনীর এই অতর্কিত হামলায় হাসপাতালের একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ঘটনার সময় হাসপাতালের ভেতরে রোগী ও কর্মীরা রোজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে অধিকাংশই চিকিৎসাধীন রোগী। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া ব্যক্তিদের বের করে আনার কাজ চালিয়ে যাচ্ছে।
পাকিস্তান দাবি করেছে যে সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। তবে তালিবান সরকারের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করে জানানো হয়েছে যে, চিকিৎসারত সাধারণ মানুষের ওপর এই আক্রমণ অমানবিক। বর্তমানে আহতদের স্থানীয় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

