কাবুলে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা হাসপাতালে মৃত ৪ শতাধিক, বাড়ছে উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৪০০ জনের মৃত্যু হয়েছে। তালিবান সরকারের দাবি অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ২ হাজার শয্যা বিশিষ্ট ওই হাসপাতালটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় হাসপাতালের একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও অন্তত ২৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
আফগান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত জানিয়েছেন, পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। এর আগে সোমবার সকালেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়, যাতে চার আফগান নাগরিকের মৃত্যু হয়েছিল। সীমান্ত সংঘর্ষের কয়েক ঘণ্টার ব্যবধানেই কাবুলের জনবহুল এলাকায় এই বিমান হামলার ঘটনাটি ঘটল, যা দক্ষিণ এশিয়ায় নতুন করে চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা তৈরি করেছে।
তবে কাবুলের হাসপাতালে সরাসরি হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, তারা কেবল পূর্ব আফগানিস্তানে তালিবান আশ্রিত জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে অভিযান চালিয়েছে এবং কোনো সাধারণ নাগরিককে লক্ষ্য করা হয়নি। এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে।

