লেটেস্ট নিউজ

কালনায় বিজেপি প্রার্থীকে ঘিরে নিজ দলের কর্মীদের বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগানে উত্তপ্ত প্রচার কর্মসূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

কালনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারকে ঘিরে দলেরই কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও ধাওয়া করার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রবিবার কালনার সুভাষপল্লি এলাকায় প্রচারে গেলে ‘বহিরাগত’ তকমা দিয়ে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ ও ‘দূর হঠো’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে দলীয় কর্মীদের তাড়া খেয়ে শেষ পর্যন্ত দ্রুত গাড়িতে চড়ে এলাকা ছাড়তে বাধ্য হন প্রার্থী।

বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, তাঁরা কলকাতা থেকে আসা কোনো বহিরাগত প্রার্থীকে মেনে নেবেন না। এর আগেও ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ। জেলা কমিটির সদস্য সৌরভ রায় সাফ জানিয়েছেন, স্থানীয় কোনো কার্যকর্তাকে প্রার্থী না করা পর্যন্ত তাঁরা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন না।

প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে কালনা বিজেপির অভ্যন্তরে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে। একদিকে জেলা নেতৃত্ব এই বিষয়ে নীরবতা পালন করছে, অন্যদিকে সাধারণ কর্মীদের অনড় মনোভাব দলের অস্বস্তি বাড়িয়েছে। ভোটের আগে প্রার্থী পরিবর্তনের দাবিতে অনড় থেকে কর্মীরা যে আন্দোলনের পথ বেছে নিয়েছেন, তা নিয়ে জেলা ও রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *