কুড়ুল হাতে ৬টি ভালুকের সঙ্গে লড়াই, ওড়িশার জঙ্গলে স্বামীকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচালেন স্ত্রী
ওড়িশার ময়ূরভঞ্জ জেলার করণজিয়ার মিলু গ্রামে এক দুঃসাহসিক ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বনের গভীরে শুকনো পাতা ও কাঠ সংগ্রহ করতে গিয়ে হঠাৎই ছয়টি বন্য ভালুকের কবলে পড়েন মালদে সোরেন নামে এক যুবক। একটি বিশালকায় ভালুক তাঁকে আক্রমণ করে গুরুতর জখম করলে, পরিস্থিতি দ্রুত আশঙ্কাজনক হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে কোনো দ্বিধা না করে স্বামীকে বাঁচাতে রুখে দাঁড়ান তাঁর স্ত্রী লিলি সোরেন।
স্বামীর কয়েক হাত পিছনে থাকা লিলি বনকর্মীদের সাহায্যের জন্য অপেক্ষা না করে নিজের হাতের কুড়ুল নিয়েই হিংস্র ভালুকদের মোকাবিলা করেন। আসাম লড়াইয়ে লিলি একটি ভালুককে আঘাত করলে এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুললে ভালুকের দলটি পিছু হটতে বাধ্য হয়। এরপর অসীম সাহসিকতার সাথে রক্তাক্ত স্বামীকে প্রায় একাই জঙ্গল থেকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন তিনি।
বর্তমানে মালদে সোরেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কেওনঝড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। লিলি নিজেও সামান্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ওড়িশা বন দফতর এই দুঃসাহসিক লড়াইয়ের খবর পেয়ে দম্পতির খোঁজখবর নিয়েছে এবং তাঁদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। স্ত্রীর এমন অনন্য বীরত্বের কাহিনী এখন সারা গ্রামে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

